সিলেট

জৈন্তাপুরে শিক্ষক দিবসের র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার: শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন সিলেটের জৈন্তাপুরের শিক্ষক নেতৃবৃন্দ।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

“শিক্ষকের পাশে দাঁড়ানো, শিক্ষকতা পেশার সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দিয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে অনেক শিক্ষক বিভিন্ন সময় হয়রানি, হুমকি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। এতে শিক্ষকতার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তার পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে একটি কার্যকর ও যুগোপযোগী ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন করা প্রয়োজন। আইনটি বাস্তবায়ন হলে শিক্ষকরা আরও নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন।

বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মেডিক্যাল অফিসার ডা. নিলয় মালাকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুর রহমান চৌধুরী, অনলাইন রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ