আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি


বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচের অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। এরই মধ্যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলন ক্যাম্পে বিশ্বকাপজয়ী অধিনায়কের পৌঁছানোর একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
রোজারিওতে দুই দিন কাটানোর পর আলবিসেলেস্তে অধিনায়ক বুয়েনস আইরেসে পৌঁছান, যাতে কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারেন।
পরিকল্পনা অনুযায়ী, মেসি কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে কিংবা বুর্কিনা ফাসোর বিপক্ষে বড় জয়ের ম্যাচে মাঠে নামেননি। তবে এই আন্তর্জাতিক বিরতির তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলবেন তিনি।
আর্জেন্টিনার জার্সি গায়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে চলায়, একটি বিশেষ ডিজাইন করা জার্সি পরবেন তিনি। যা খেলা শেষে তার ব্যক্তিগত ট্রফি ও পুরস্কারের সংগ্রাহশালায় শোভা পাবে। আকাশী-সাদা রঙের এই জার্সির ঠিক মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্য এবং তার নাম ও নম্বর থাকবে সোনালী রঙে।
জাতীয় দলের খবর অনুযায়ী, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই আর্জেন্টিনা দল কোচিং স্টাফদের অধীনে অনুশীলন শুরু করেছে। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার শেষবারের মতো অনুশীলনে নামবে তারা। ম্যাচের আগে মেসি এবং কোচ স্কালোনি উভয়েই গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে আশা করা হচ্ছে।



