চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও শিবগঞ্জ থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবির) অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মো. কালাম (৩০) এর বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির ভেতরে ককটেল সদৃশ বস্তু রয়েছে বলে তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে রাখেন এবং বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

পরে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ