সিলেট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরে আইন-শৃঙ্খলা, সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এর সভাপতিত্বে অদ্য ০৩/১০/২০২৬ খ্রিঃ, সকাল ১১:৩০ ঘটিকায় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকলের জন্য ফ্লোর উন্মুক্ত করে পূজা উদযাপনে বিদ্যমান সমস্যা, সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় পুলিশি সহযোগিতার বিষয়ে মতামত প্রদানের আহ্বান জানান।

এ সময় পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, যানজট ও পার্কিংসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।

সভায় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, উপযুক্ত স্থানে যানবাহন পার্কিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া প্রচার না করা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা ঘটনা পরিলক্ষিত হলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ