খুলনা

স্কুল- কোচিং সেন্টারের সামনে অযাচিত আড্ডা ; খুলনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জন থানায়

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা সদর থানা এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় ও বিভিন্ন কোচিং সেন্টারের সামনে অযাচিতভাবে আড্ডা ও ঘোরাফেরার অভিযোগে ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লোকমান হোসেন উপরোল্লিখিত তথ্য তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুলনা সদর থানাধীন আহসান আহমেদ রোড এলাকায় সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় এবং বিভিন্ন কোচিং সেন্টারের সামনে শিক্ষার্থীদের চলাচলের সময় অযাচিত আড্ডা ও ঘোরাফেরার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ওই ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

পরে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পিসিপিআর (পুলিশ ক্লিয়ারেন্স/পূর্ব অপরাধসংক্রান্ত তথ্য) যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে মুচলেকা গ্রহণের পর ১৩ জনকেই নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারকেন্দ্রিক পরিবেশ নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ