স্ত্রীর মৃত্যুর একদিন পরই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ


৭০ বছরের দীর্ঘ জীবনসঙ্গী সিতি হাসমাহর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১০১ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিককে পর্যবেক্ষণের জন্য কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর আনাদুলুর।
মাহাথিরের কার্যালয় ও তার ছেলে মুখরিজ মাহাথির জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীর মৃত্যুতে মানসিক চাপের মধ্য দিয়ে গেলেও মাহাথিরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ নেই বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ১০০ বছর বয়সে মারা যান মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি। পরে একই দিন তাকে দাফন করা হয়। স্ত্রী সিতি হাসমাহর জানাজা ও দাফনের সময় ১০১ বছর বয়সী মাহাথিরকে হুইলচেয়ারে বসা এবং নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় গভীর শোকে ভেঙে পড়তে দেখা যায়।
উল্লেখ্য, ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মাহাথির ও সিতি হাসমাহ দম্পতি চলতি বছরের আগস্টেই তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবন ও নানা সামাজিক ওঠানামার মধ্যেও চিকিৎসা পেশা থেকে উঠে আসা এই দম্পতির ভালোবাসা ছিল অনন্য নজির।
মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী মাহাথিরের অতীতে বাইপাস সার্জারিসহ হৃদরোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেলেও তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।



