চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার কথা জানান তিনি।

এ ছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অনলাইন জুয়া ও সাইবার বুলিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত চুয়াডাঙ্গা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নবাগত পুলিশ সুপার।

তিনি বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই বিভাগের আরও সংবাদ