রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ


রাড্ডার ঘটনায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাষ্ট্রের নাগরিকদের কোনো ধরনের হয়রানি সরকার মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, রাড্ডার ঘটনায় ইতোমধ্যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রের নাগরিকদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালমান মুক্তাদিরের ঘটনার বিষয়ে এনসিপি ও জামায়াতের অবস্থানকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তারা যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, অভিযোগ প্রত্যাহারের পরও এনসিপি-জামায়াতের পক্ষ থেকে সেই অনুযায়ী পরিবর্তিত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
এর আগে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জাহেদ উর রহমান বলেছিলেন, ঘটনার প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। একই সঙ্গে নিশ্চিত না হয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে দায়ী করে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো সময় যেকোনো পদক্ষেপ নেওয়া হবে। তবে এই মুহূর্তে বিকল্প বা যৌথ অভিযানের কোনো পরিকল্পনা নেই।
বোয়িং প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বোয়িং বা এয়ারবাস—যে উড়োজাহাজই কিনুক না কেন, তা দেশের প্রয়োজন বিবেচনা করেই কেনা হবে। কারও চাপ বা কোনো শর্তে বাংলাদেশ উড়োজাহাজ কিনবে না।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ভয়ংকর দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চায় বাংলাদেশ।’



