দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী


পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। ফেনীর জনগণের দীর্ঘদিনের দানি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতি মুক্ত করতে চাই। এজন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সততার সহিত কাজ করার এবং স্থানীয় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
২৮ সেপ্টেম্বর সোমবার ফেনীর পরশুরাম ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করবেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দিয়েছে।
প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যখনই একটি প্রকল্প গ্রহণ করি তখন শুধু প্রকৌশলী বা ঠিকাদার নয়, সেখানকার স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করি। কারণ বিএনপি সরকার জনবান্ধব সরকার। প্রকৌশলী বা ঠিকাদার প্রকল্পের কাজ শেষ করে চলে গেলেও এর সুবিধাভোগী হবেন স্থানীয় জনগণ। এজন্য প্রকল্পের কাজ দেখভাল ও যথাযথ হচ্ছে কি না তা স্থানীয়দেরও দেখতে হবে।
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



