সিলেট

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

সিনিয়র রিপোর্টার: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং সোমবার দুপুর ১২:৩০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসকের দায়িত্বভার গ্রহণের জন্য এজাজ আহমদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেটের ব্যবসায়ীরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনে উদগ্রীব হয়ে আছেন। ইতোপূর্বে দুইবার নির্বাচনী তফসিল ঘোষণা ও সকল প্রস্তুতি গ্রহণের পর নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে।

ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা কেবল একজন ব্যবসায়ী নেতাই ভালোভাবে বুঝতে পারবেন। তারা সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ যাচাই-বাছাইক্রমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের আহবান জানান এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতা ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, বৈধ ট্রেড লাইসেন্সধারী ও সরকারকে ট্যাক্স প্রদানকারী যেকোন ব্যবসায়ীর চেম্বারের সদস্য ও ভোটার হওয়ার অধিকার রয়েছে। ব্যবসায়ীরা পরপর দুইবার ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ হালনাগাদ করে এবং চেম্বারের ফি পরিশোধ করে ভোটার হয়েছেন, কিন্তু তারা ভোট দিতে পারেননি। তিনি ভোটারদের কাগজপত্র সর্বোচ্চভাবে যাচাই-বাছাই করে ভোটার তালিকা প্রণয়নক্রমে দ্রুত নির্বাচন আয়োজনের অনুরোধ জানান।

ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো বলেন, ব্যবসায়ীদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া চেম্বার অচল। আমরা অতীতের মত কোন বোঝাপড়ার কমিটি চাই না, আমরা চাই দল-মত নির্বিশেষে সরাসরি ভোটের মাধ্যমে ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত হোক। চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে তারা সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রশাসকের মাধ্যমে পরিচালিত হোক তা কখনই কাম্য নয়। যেকোন বাণিজ্য সংগঠনই নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হওয়া বাঞ্চনীয়। তিনি একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে দ্রুত নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সাবেক সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সাবেক সহ সভাপতি মোঃ আতিক হোসেন, সাবেক পরিচালক আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, আখতার হোসেন খান, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বারের সদস্য মাছুম ইফতেখার রসুল শিহাব, জুবায়ের আহমদ চৌধুরী, আতিকুর রেজা চৌধুরী, আমিন পারভেজ, আব্দুল কাইয়ুম, মুজাহিদ খান গুলশান, মশিউর রহমান হাফিজ, আব্দুল বাসিত, এ এইচ এম মোস্তাকিম চৌধুরী, এনামুল হক কুটি, মুক্তাদির হোসেন তপাদার, হাসান কবির প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ