সিলেট

অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চা বাড়াতে হবে : জেলা প্রশাসক

সিনিয়র রিপোর্টার:‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (সোমবার) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, ভুল তথ্য অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়াকে মিসইনফরমেশন এবং কাউকে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে ডিসইনফরমেশন বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া সরকারি চিঠিসহ বিভিন্ন ধরনের fabricated information ছড়িয়ে পড়ছে, যা প্রতিরোধে তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর পাশাপাশি সরকারি তথ্য প্রকাশ ও গোপনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আইনও সংশ্লিষ্টদের জানা প্রয়োজন। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন, ২০০৯ এবং Official Secrets Act, 1923-এর বিধানগুলো পারস্পরিকভাবে পর্যালোচনা করে তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তা স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য সহজে দৃশ্যমান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নাগরিকদের প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা জরুরি। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে প্রকাশ করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। সরকারি দপ্তরগুলোতে সম্ভব হলে নির্দিষ্ট অফিসিয়াল ফোন নম্বর চালু রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় তথ্যের সঠিক ব্যবহার এবং তথ্য যাচাইয়ের বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রকাশের চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দা শিরীন আক্তার এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় এনডিসি রেজা ই রাব্বি, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক দেলওয়ার হোসেন,টিআইবি’র কো-অর্ডিনেটর সাজিদুর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ