লাইফস্টাইল

রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ

ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়। সম্পর্ক নিয়ে তৈরি বিভিন্ন রিলস ভিডিওতে কখনও সঙ্গীর আচরণকে খারাপ, বিষাক্ত কিংবা মানসিক নির্যাতন হিসেবে ব্যাখ্যা করা হয়। এসব ভিডিও দেখে নিজের সঙ্গীর আচরণের সঙ্গেও মিল খুঁজতে শুরু করেন অনেকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি বিষয় বাস্তব জীবনের সঙ্গে হুবহু মেলে না। একটি রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করা কিংবা সম্পর্কে সন্দেহ তৈরি করা উল্টো সম্পর্কের জন্য সমস্যা ডেকে আনতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের দেখানো বিষয় আর বাস্তব সম্পর্কের সমস্যার মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

বিশেষজ্ঞ কী বলছেন?

কাউন্সেলর ও পরিবারবিষয়কের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের সব বিষয়কে নেতিবাচকভাবে দেখারও কারণ নেই। কারণ, সম্পর্কের সীমারেখা তৈরি, মানসিক নির্যাতন কিংবা অশালীন আচরণের মতো বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করতেও সামাজিক যোগাযোগমাধ্যম ভূমিকা রেখেছে।

তবে অনেক সময় একেবারে সাধারণ বিষয়কেও সেখানে জটিল করে উপস্থাপন করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা বিষয় নিজের সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করার আগে বাস্তব পরিস্থিতি বুঝে নেওয়া প্রয়োজন।

একটি ভুলেই সঙ্গীকে ‘বিষাক্ত’ ভাববেন না

সামাজিক যোগাযোগমাধ্যমে লাল সংকেত, বিষাক্ত সম্পর্ক বা মানসিকভাবে প্রভাবিত করা—এ ধরনের শব্দ খুব বেশি ব্যবহৃত হয়। কিন্তু বাস্তব সম্পর্ক সব সময় এসব শব্দের সহজ সংজ্ঞার মধ্যে পড়ে না।

সঙ্গী একবার কোনো ভুল করলেই তাকে বিষাক্ত মানুষ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। বরং দেখতে হবে, তিনি একই ধরনের ভুল বারবার করছেন কি না, নিজের ভুল বুঝতে পারছেন কি না এবং ভুল বুঝতে পারলে আচরণ পরিবর্তনের চেষ্টা করছেন কি না।

একটি মাত্র রিলস ভিডিও দেখে কারও মানসিক অবস্থা বা ব্যক্তিত্ব বিচার করাও ঠিক নয়। বাস্তব পরিস্থিতি বুঝতে হলে আচরণের ধারাবাহিকতা এবং ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি।

মতবিরোধ মানেই সম্পর্ক খারাপ নয়

দুজন মানুষের সম্পর্কে মতের অমিল থাকতেই পারে। তাই মতবিরোধ হলেই সঙ্গী আপনার জন্য সঠিক মানুষ নন—এমন সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

বরং সম্পর্কে একে অন্যের কথা শোনা, অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। দুজনের মধ্যে মতের অমিল থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধানের সুযোগ থাকে।

তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে, যদি সঙ্গীর আচরণ বারবার অসম্মানজনক হয় কিংবা আপনাকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করতে থাকেন। এমন আচরণ নিয়মিত হলে সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো ভিডিওকে নিজের সম্পর্কের চূড়ান্ত মাপকাঠি না বানিয়ে বাস্তব আচরণ, পরিস্থিতি ও সম্পর্কের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করাই জরুরি।

এই বিভাগের আরও সংবাদ