জাতিসংঘে আজ তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ


প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে অর্থাৎ বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টা–সাড়ে ৩টার মধ্যে তিনি বাংলায় ভাষণ দেবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, যুব ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুও তার বক্তব্যে গুরুত্ব পেতে পারে। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট, আঞ্চলিক সহযোগিতা ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এবারের সফরে সাধারণ পরিষদের আনুষ্ঠানিকতার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিতেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেছেন তারেক রহমান। সেখানে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমর্থন জোরদার করাও সফরের অন্যতম লক্ষ্য। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠকে উঠে আসছে।



