গণিতের উন্নয়ন ও গবেষণায় কুবিতে আনোয়ার হোসাইন স্মারক সেমিনার


কুবি প্রতিনিধি : বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আনোয়ার হোসাইন স্মারক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল কক্ষে গণিত বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব ইউ. আহমেদ।
বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘গণিত শিক্ষাকে আরও উন্নত করতেই আজকের এই আয়োজন। এজন্য প্রথমেই আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে।’
এসময় একাডেমিক পর্যায়ে গণিত শিক্ষায় বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক স্বল্পতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ গণিতবিদ ও গণিত শিক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানান তিনি। এই চ্যালেঞ্জ মোকাবিলার পদক্ষেপ হিসেবে তিনি বলেন, “আমরা ৮টি অঞ্চলে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি, যার লক্ষ্য গণিত শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ তৈরি করা।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “বিজ্ঞানের প্রধান ভিত্তিই হলো গণিত। গণিত ছাড়া বিজ্ঞান ও আধুনিক বিশ্বের কথা কল্পনা করা যেত না। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের গণিতের ব্যাপারে একটি ভয় থাকে ফলে তারা বেশিরভাগই এই বিষয় অকৃতকার্য হয়। কিন্তু গণিত যতটা কঠিন ঠিক ততটাই সহজ।”
নারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে তিনি বলেন, “সমাজে একটা ট্যবু আছে যেখানে নারী শিক্ষার্থীদের গণিত বুঝার ক্ষেত্রে দূর্বল মনে করা হয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি নারীরা গণিত বিভাগে পড়াশোনা করছে এবং আজকের সেমিনারে অংশগ্রহণের প্রায় অর্ধেকই নারী শিক্ষার্থী। এজন্য তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।”
সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘সমসাময়িক গণিত বিষয়ে যেসব গবেষণা হচ্ছে, আজকের সেমিনারে সে বিষয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় তৈরি হবে, গবেষণার নতুন পথ উন্মোচিত হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।’
সেমিনারের সভাপতি এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম বলেন, “আমরা এখানে শুধু কিছু শেখার জন্য আসিনি, আমরা এমন একজন মানুষকে স্মরণ করতেও এসেছি; যিনি গণিতের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, তিনি আনোয়ার হোসেন। আমি আশা করি, এই সেমিনার আমাদের গণিত বিভাগকে আরও এগিয়ে নিতে এবং নতুনভাবে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”



