পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী


বাংলাদেশের পর্যটন খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত, টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।
আজ বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলা কনফারেন্স হলে ‘বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যটন খাতের মূল সুফল যেন স্থানীয় জনগণ পায়, সেজন্য তাদের সরাসরি এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। একই সাথে পরিবেশ সুরক্ষা ও পর্যটনের টেকসই মান উন্নয়নে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ ও এলজিইডি-সহ সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।
বান্দরবানকে একটি আদর্শ পর্যটননগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান নগরী গড়ে তোলা। দেশ-বিদেশের অগণিত পর্যটক এই শহরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাই আমাদের ব্যবসায়ী ও পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে উন্নত পেশাদারি আচরণ, বিনয় ও আতিথেয়তার কৌশল রপ্ত করতে হবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, হোটেল-মোটেলের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, কিচেন ও টয়লেট জীবাণুমুক্ত রাখা এবং বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানে আপ্যায়ন করা জরুরি। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমেই বান্দরবানকে বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
কৃষি ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নের কথা উল্লেখ করে সাচিং প্রু এমপি জানান, পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রান্তিক চাষিদের অর্থনৈতিক ভাগ্যোন্নয়নে ইতিপূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকগুলোতে পার্বত্য চট্টগ্রামের কাজুবাদাম, কফি, আদা, হলুদ ও আনারসের মতো সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, অ্যান্টিবায়োটিকমুক্ত দেশি মুরগি পালন, সাতিফসল চাষ এবং পাহাড়ি সেচব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাহাড়ের কৃষকদের দেশের মূল অর্থনীতিতে বড় ভূমিকা রাখার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী সাচিং প্রু এমপি।
বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস এম মনজুরুল হক এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরা।



