চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদ মন্ত্রী


পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এসব কথা বলেল।
পানিসম্পদ মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, চট্টগ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরও সুন্দরভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভায় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তা এবং সিভিল প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



