জাতীয়

হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৬২ শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ১ হাজার ৬৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২০ হাজার ৬৪৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

এই বিভাগের আরও সংবাদ