সিরাজগঞ্জ

শাহজাদপুরে জেলা প্রশাসকসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি, গ্রেফতার ২

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা প্রশাসক, এসি ল্যান্ড সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি মাধ্যমে সরকারি বালু মহালের বালু কেটে বিক্রির ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নারী সহ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের প্রয়াত আ.লীগ নেতা শিমুলের স্ত্রী শিমুল কনস্ট্রাকশন ও মায়ার লিমিটেডের মালিক মিনা খাতুন (৩৯) ও তার ম্যানেজার রুপপুর গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ রাসেল রানা।

জানা যায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে করতোয়া নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রির চেষ্টা করেন অভিযুক্তরা।

খবর পেয়ে গত ১৪ই সেপ্টেম্বর উপজেলা ভূমি অফিস ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যৌথভাবে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় মিনা খাতুন দাবি করেন নিলামের মাধ্যমে বালু ক্রয় করে তিনি বিক্রি করছেন। এসময় দাবির পক্ষে দাপ্তরিক কিছু কাগজপত্র তারা প্রদর্শন করেন।

তবে কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্তরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্রিগেড ইঞ্জিনিয়ার এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি)’র স্বাক্ষর জালিয়াতি ও স্ক্যান করে ভুয়া নথি তৈরি করেছেন।

এক‌ই দিন সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার রতন কুমার সাহা বাদী হয়ে মিনা খাতুন, রাজিব মোসাব্বের ও রাসেল রানা সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

গতকাল শুক্রবার শাহজাদপুর থানার চৌকশ উপ-পরিদর্শক এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা প্রধান আসামি মিনা খাতুন ও রাসেল রানাকে আলাদা স্থান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য অভিযুক্ত মিনা খাতুন ইতিপূর্বেও বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে আলোচনায় এসেছেন। তিনি একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করার পর ওসি এবং ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সাথেও তর্কে জড়ান।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আজ শনিবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ