আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার : পুলিশ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি সানন্দা এলাকায় তার ক্ষত-বিক্ষত অবস্থায় অপ্রিতমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, শুক্রবার জুমার নামাজের পর অপ্রতিম আমাদের সঙ্গে দুপুরের খাবার খায়। পরে বন্ধুদের সঙ্গে আইফোন দিয়ে ছবি তুলতে বাইরে যেতে চায়। কিন্তু আর ফিরে আসেনি। সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।



