অক্টোবর থেকে বাংলা কিউআরের টাকা সঙ্গে সঙ্গে যাবে মার্চেন্টের অ্যাকাউন্টে


বাংলা কিউআর কোডে পেমেন্ট করলেই এবার আর টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অক্টোবরের মধ্যেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের সুবিধা সহজে ব্যবহারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করা, গ্রাহকদের জন্য পেমেন্ট সহজ করা এবং মার্চেন্টদের বাংলা কিউআর পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে দিতে হবে। অর্থাৎ কোনো গ্রাহক বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করলে সেই অর্থ মার্চেন্টের হিসাবে জমা হতে দেরি করা যাবে না।
এ ছাড়া একই তারিখ থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন সহজে দৃশ্যমান রাখতে হবে। আইকনটি এমন জায়গায় রাখতে হবে, যাতে ব্যবহারকারী সহজেই সেটিতে যেতে পারেন। সার্কুলারে এ জন্য হোম পেজের বটম-সেন্টার পজিশন বা ‘থাম্ব জোন’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু কিউআর স্ক্যান নয়, বাংলা কিউআরের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। এ সুবিধা আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুযোগ দিতে হবে। ফলে ব্যাংক হিসাবের সঙ্গে মোবাইল অ্যাপভিত্তিক বাংলা কিউআর পেমেন্টের সংযোগ আরও সহজ হবে।
সার্বিকভাবে নতুন এ ব্যবস্থায় বাংলা কিউআর পেমেন্টে দুই ধরনের পরিবর্তন আসছে, এর মধ্যে মার্চেন্টের হিসাবে টাকা জমা হবে তাৎক্ষণিকভাবে এবং গ্রাহক মোবাইল অ্যাপ থেকেই আরও সহজে বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।



