সিলেটে রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ


সিনিয়র রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার সিলেট সফরকে কেন্দ্র করে নগরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে রাষ্ট্রপতির সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের স্পট ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।
সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচি সামনে রেখে পাঁচটি ভেন্যুতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় শুধু সিলেট মহানগর পুলিশ নয়, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজন অনুযায়ী সহায়তা করবে।
বিভিন্ন ভেন্যুতে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে নগরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হবে। এর মাধ্যমে সফরের সময় নগরের যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার চেষ্টা করা হবে।তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা হয়েছে। সভায় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশ কমিশনার বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় রাষ্ট্রপতির পুরো সফর নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে পুলিশ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। তাঁর সফরে হযরত শাহজালাল (রহ.)ও হযরত শাহপরান(রহ.)মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।



