মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত বাংলাদেশি আলেমের ইন্তেকাল


সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএচইডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ আলেম মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) মদিনার কিং ফাহাদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পিএইচডি গবেষক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে এক বার্তায় গভীর শোক জানিয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস অনুষদ। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ডিএইডি শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বিন আব্দুল মান্নান গত শনিবার স্বাস্থ্যগত কারণে ইন্তেকাল করেছেন।
হাদিস শরিফ অনুষদ তার মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি তার ওপর অনুগ্রহ করেন ও তাকে ক্ষমা করেন এবং তার পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন। একই সঙ্গে তার শিক্ষক ও সহকর্মীদের প্রতিও সমবেদনা জানানো হচ্ছে।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এক শোক বার্তায় জানিয়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণারত প্রতিভাবান স্কলার শায়খ মুস্তাফিজুর রহমান আল্লাহর ফয়সালায় অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন।
বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আল্লাহ শায়খকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।



