গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩


গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকায় মহাসড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। এসময় আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



