১৪ বছর পর দেবীগঞ্জ ছাড়ছেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; বদলি নওগাঁর পোরশায়


মাহমুদ দোলন , পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামকে নওগাঁর পোরশা উপজেলায় বদলি করা হয়েছে। দীর্ঘ সাড়ে ১৪ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর তাকে বদলি করা হলো।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামকে নওগাঁর পোরশা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বদলি করা হয়েছে।

দপ্তর সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ২০১২ সালের ৫ জুলাই দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর থেকে একই কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
২০২৪ সালের ৪ মার্চ দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ অবসরে যাওয়ার পর সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব নেন। এরপর থেকে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বদলি আদেশে সাইফুল ইসলামকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
আদেশে আরও বলা হয়েছে, দায়িত্বে থাকা নথিপত্র তালিকাভুক্ত করে এবং মূলধনী সম্পদ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর কাছে যথাযথভাবে হস্তান্তর করতে হবে। একই সঙ্গে ছাড়পত্র নতুন কর্মস্থলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পিডিএস হালনাগাদ করে বর্তমান কর্মস্থলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়নের পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।



