দিনাজপুর

খানসামায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং প্রমোটিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের খানসামা বাজার এলাকায় ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, পাকেরহাট উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস ব্যাংকিং প্রমোটিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ভূপতি কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. শরিফুল ইসলাম প্রধান এবং খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র রংপুর আঞ্চলিক কার্যালয়ের এডিসি ইনচার্জ মো. হুমায়ুন কবির, নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. এ টি এম রেদওয়ানুর রশিদসহ ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি, পাকেরহাট উপশাখার উপশাখা ব্যবস্থাপক মিঠু রাম রায়। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ এক QR, লেনদেনে বাংলা QR’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করা হচ্ছে। তিনি পূবালী ব্যাংকের ‘পাই ব্যাংকিং (Pi Banking)’ অ্যাপ এবং ডেবিট কার্ড সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, সহজ ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি, জাল নোটের আশঙ্কা এবং লেনদেনজনিত নানা ভোগান্তি কমবে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতির বিকাশ ও স্মার্ট বাংলাদেশ গঠনে ক্যাশলেস ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের বাংলা কিউআর, পাই ব্যাংকিং অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ক্যাশলেস লেনদেন ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ