নেপালে ভয়াবহ বন্যায় ১২ দলীয় জোটের শোক


নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ১২ দলীয় জোট। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ শোক প্রকাশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জোট প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
সভায় নেতৃবৃন্দ বলেন- নেপালের ভয়াবহ বন্যায় যে মানবিক বিপর্যয় নেমে এসেছে তা অত্যন্ত মর্মান্তিক। তারা নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন কামনা করেন।
সভায় নেপালের এই দুর্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা ও ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগের প্রশংসা করেন নেতার। তারা বলেন- যে কোনো মানবিক বিপর্যয়ে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি আরও জোরদার হওয়া উচিত। ১২ দলীয় জোটও নেপালের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
সভায় আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভার প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্তও গ্রহণ করা হয়। সভা শেষে দেশ, জাতি এবং নেপালের বন্যাকবলিত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জরুরি সভায় উপস্থিত ছিলেন- ১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টি বাংলাদেশের মহাসচিব আবুল কাসেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।


