জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


সিনিয়র রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
তিনি জৈন্তাপুরের শিক্ষার মান আরও উন্নত করতে যেসব প্রতিষ্ঠানে পাসের হার কম, সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা, অতিরিক্ত ক্লাস, শিক্ষা ও খেলাধুলার উপকরণ সরবরাহ এবং অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া দাখিলে সর্বোচ্চ পাসের হার অর্জনকারী খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং এসএসসিতে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
এর আগে জেলা প্রশাসক জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।



