রাষ্ট্রপতিকে উৎসর্গ করে ঠাকুরগাঁওয়ে হাফ ম্যারাথন: ৩২ জেলার ২৭০ দৌড়বিদের মিলনমেলা


জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ভোরের নীরবতা ভেঙে ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’। দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানিয়ে এবারের পুরো আয়োজনটি তাকে উৎসর্গ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঠাকুরগাঁও রানার্সের আয়োজনে এবং মেসার্স গার্ডেনিয়ার সার্বিক তত্ত্বাবধানে শহরের আব্দুর রশিদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে দেশের ৩২টি জেলা থেকে মোট ২৭০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ রানারদেরও উপচে পড়া ভিড় দেখা যায়। গাজীপুর থেকে আসা ৭৯ বছর বয়সী এক জ্যেষ্ঠ দৌড়বিদ আয়োজকদের প্রশংসায় বলেন, “ছোট ছোট তরুণদের এমন নিখুঁত ও সুন্দর আয়োজন আমাকে অভিভূত করেছে। এই বয়সেও ম্যারাথনে অংশ নেওয়ার নতুন অনুপ্রেরণা পেয়েছি।” ম্যারাথনের ২১ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী বিজয়ী ওমর ফারুক জানান, প্রতিযোগিতার পাশাপাশি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পেয়ে তারা দারুণ আনন্দিত।
ঠাকুরগাঁও রানার্সের প্রধান পৃষ্ঠপোষক ও মেসার্স গার্ডেনিয়ার স্বত্বাধিকারী মো. নূর-এ-শাহাদৎ স্বজন বলেন, “ক্রীড়ানুরাগী নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানাতেই এই ম্যারাথন উৎসর্গ করা হয়েছে। দৌড়ের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঠাকুরগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্যকে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজে ম্যারাথনে দৌড়ে অংশ নেন এবং পরবর্তীতে পুরস্কার বিতরণ করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, “তারুণ্যের উদ্দীপনা ধরে রাখতে এবং তরুণ সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে শারীরিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।”
প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক মো. ফারুক হোসেন জুলু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর তানুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অফিশিয়াল ‘কিট এক্সপো’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।



