সিলেট

জৈন্তাপুরে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সিনিয়র রিপোর্টার: মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে জৈন্তাপুরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জৈন্তাপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মহি উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক পরিবেশে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; উচ্চশিক্ষার জন্য এখন থেকেই নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হতে হবে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম ও আত্মপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, মেধাবী ও স্বপ্নবান তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের মেধা, তারুণ্য ও উদ্যমকে ইতিবাচক কাজে ব্যবহার করে মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা শিক্ষার্থীদের জীবনে সততা, পরিশ্রম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সাফল্যের মূল্য শুধু পার্থিব জীবনে নয়, আখিরাতেও রয়েছে। তাই অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে মানবকল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ