সচিবালয়ের করিডরে সাপ, আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা


সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় করিডরে তিনটি সাপ দেখা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬নং ভবনের ১৯ তলার করিডরে সাপগুলো দেখা দেখা যায়।
এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের অফিস।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, সচিবালয়ের করিডোরে সাপের বিষয়টি শুনেছি। সত্য ঘটনা।
প্রত্যক্ষদর্শী মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। এতে কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কর্মচারীরা সাপগুলো মেরে ফেলেন।
তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভবনের ভেতরের কোনো স্টোরেজ বা অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এ কারণে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।



