অর্থনীতিশীর্ষ নিউজ

বাজেট সংকট, পে স্কেলে পরিবর্তনের আভাস অর্থমন্ত্রীর

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ একসঙ্গে জোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য উপায় ও অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে সরকার হিসাব-নিকাশ করছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন পে স্কেল ও বড় উন্নয়ন বাজেটের অর্থায়ন নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন কোথা থেকে হবে—এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একসঙ্গে পুরো অর্থ দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।’ দুই ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং এখনো হিসাব-নিকাশ করা হচ্ছে।

বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থায় অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন। কর আদায় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির মতো সমস্যা ছিল। এসব ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। তার দাবি, গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কর আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সরকারের অর্থায়ন প্রসঙ্গে আমির খসরু বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা আশাবাদী। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করার উদ্যোগসহ ব্যবস্থাপনা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের ফলে সরকারের অতিরিক্ত ঋণের প্রয়োজন কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অর্থায়নের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি অনুসরণ করা হবে। কারণ সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি বহাল থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কাজ করছি।’

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর এবং দ্বিতীয় ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বাস্তবায়নের কথা রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকারের হিসাব-নিকাশ ও অনুমোদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন ও সময়সূচি সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যাবে।

এই বিভাগের আরও সংবাদ