কুষ্টিয়া

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: সংবাদ লেখক আজ নিজেই সংবাদের শিরোনাম। কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি ও শিশুসহ আট বাংলাদেশীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, তিন বছরের সন্তান ও শ্বশুরসহ একই পরিবারের চারজনসহ এ ঘটনায় মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতের দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে নিহত চারজন হলেন আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তাঁদের তিন বছরের সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী (৬৪)।

এদিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের বেঙ্গালুরু যান। পরে তাঁরা কলকাতায় ছিলেন। দেবাশীষের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান এবং তাঁর বাবা-মা রয়েছেন।

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক।

ভারতের পিটিআই, এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহত আটজন বাংলাদেশি নাগরিক। তাঁরা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

কুষ্টিয়ার এই সাংবাদিক সহ চারজনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। তাদের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকমহল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীরভাবে শোক জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ