টাঙ্গাইল

কালিহাতীতে মোবাইল কোর্টে চার ব্যবসায়ীকে জরিমানা

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে চারজন ব্যবসায়ী জাফর সিকদারকে ২০ হাজার টাকা, মো. ইব্রাহিমকে ২০ হাজার টাকা, মো. কামরুলকে ৫ হাজার টাকা এবং রফিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা শেষে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বাজারদর নিয়ন্ত্রণে রাখা এবং মাদকসহ যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন করা, আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের সাথে যেকোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশ ও সতর্কবার্তা দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ