জাতীয়

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাশে থাকার ঘোষণা মন্ত্রীর

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় বাগেরহাট শহরের নতুন জেলখানা রোডসংলগ্ন এলাকায় ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের পাশে তিনি সবসময় থাকবেন এবং এর কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন লনি, দুদক আইনজীবী শেখ নজরুল ইসলাম কাজল, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সদস্য রাকিবুল ইসলাম, নুরুল আমিন লিটন, বেগ শামিম এবং কো-অর্ডিনেটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা দশানী-হেলাতলা সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার জেলা মহাসড়কের উন্নয়নকাজ চারটি প্যাকেজের মাধ্যমে ২০২১ সালে শুরু হয়। এর মধ্যে দশানী থেকে হেলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করে কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মাফুজ খান লিমিটেড। প্রায় ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে দশানী থেকে হেলাতলা পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।

সড়কটি উন্নত হলে বাগেরহাট শহরের সঙ্গে রামপাল ও মোংলার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে মোংলা বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন এবং স্থানীয় মানুষের যাতায়াতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোক্তা ও সভাপতি এবং ঢাকা এভারকেয়ার হাসপাতালের খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক শেখ আবু জাফর বলেন, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বাগেরহাটে আধুনিক ও মানবিক চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই ফাউন্ডেশনটি গড়ে তোলা হচ্ছে। মন্ত্রীর সহযোগিতার আশ্বাসে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ