খুলনায় নিষিদ্ধ সংগঠনের তৎপরতার চেষ্টা, যুবলীগের ২ কর্মী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টার অভিযোগে খুলনার দৌলতপুরে আওয়ামী যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের গ্রেফতারের বিষয়টি দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মোরাদুল ইসলাম তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—পারভেজ হাসান (২৯), পিতা কাজী মুন্সি, পাবলা কারিকর পাড়া এলাকার বাসিন্দা এবং মো. সাব্বির হোসেন সৈকত (২৮), পিতা মো. কামরুজ্জামান, পাবলা কেশবলাল রোড এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুজনই সাবেক ছাত্রলীগ সদস্য।
এ ঘটনায় জড়িত ‘অপু’ নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা বরদাস্ত করা হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ১৪ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য খালিশপুরের আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে তেহারী বিতরণের আয়োজন করেন। পরে সেই কার্যক্রমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পুলিশের ভাষ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে জনমনে পুরোনো স্মৃতি জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর দৌলতপুর থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছবির মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।



