আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এনডিটিভি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এ বিষয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আরও কয়েকটি দেশের মতো ভারতের সঙ্গেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুই দিনের এই দ্বিপক্ষীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এতে বাণিজ্য, কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত সময়সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে।

সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।

খবরে বলা হয়েছে, দুই নেতার আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পানিবণ্টন। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসার সাথে সাথে এটি নবায়নের আলোচনা গুরুত্ব পেতে পারে। এ ছাড়া বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যুতে ভারতের কাছ থেকে আরও বৃহত্তর সহযোগিতা চেয়েছে ঢাকা।

ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারত তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এই বিভাগের আরও সংবাদ