আন্তর্জাতিক

ভারতে এবার ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়ে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর ডাক দিয়েছেন বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সৎ, সাহসী ও নিঃস্বার্থ মানুষদের সামনে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোনম ওয়াংচুকের মতে, ভারতের অনেক সাংসদের বিরুদ্ধে খুন, অপহরণসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। এ কারণে রাজনৈতিক নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে। তাই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।

এই পরিবর্তনের পথ খুঁজতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি সৎ ও যোগ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে চান তিনি। তার ভাষায়, শুধু বুদ্ধিজীবী বা বিশিষ্ট ব্যক্তিদের ওপর নির্ভর না করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এ উদ্যোগে যুক্ত হতে হবে।

নাগরিকদের নিজ নিজ এলাকা থেকে যোগ্য, সৎ ও জনকল্যাণে কাজ করতে সক্ষম ব্যক্তিদের চিহ্নিত করে তাদের নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক।

রাজনৈতিক সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনেও সম্প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। পরীক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এই বিজ্ঞানী। ঝাড়খণ্ডে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশনেও তিনি সমর্থন জানান। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও সংবাদ