জাপানের চিবা প্রিফেকচারে অতিবৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু


জাপানের রাজধানী টোকিও সংলগ্ন চিবা প্রিফেকচারে নজিরবিহীন অতিবৃষ্টি ও ভূমিধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ২০,০০০-এর বেশি পরিবার এবং টোকিওর নারিতা বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় ৭,০০০ যাত্রী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে চিবা অঞ্চলে প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগস্ট মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় তিন গুণ। আবহাওয়াবিদদের মতে, এটি জাপানের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
দেশটির আবহাওয়া দফতর এই পরিস্থিতির জন্য ভূখণ্ডের ওপর উষ্ণ-আর্দ্র বাতাস ও শীতল বাতাসের মিশ্রণে তৈরি চরম বায়ুমণ্ডলীয় অস্থিরতাকে দায়ী করেছে।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই সাংবাদিকদের বলেন, ‘জাপানের আবহাওয়ার ইতিহাসেই এটি এক চরম ব্যতিক্রমী পরিস্থিতি। আমি অতীতে বহু দুর্যোগের মোকাবেলা করেছি, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি।’
ভারী বর্ষণ ও ধসের আশঙ্কায় প্রশাসন বৃহস্পতিবার সর্বাধিক লেভেল-৫ জরুরি সতর্কতা জারি করে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তা কমিয়ে লেভেল-৪-এ নামানো হলেও নদী উপচে প্লাবিত হওয়া এবং ভূমিধসের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে, কিওডো নিউজ এবং আসাহি পত্রিকা ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, যিনি নিজের গাড়িতে প্লাবিত রাস্তায় ডুবে মারা যান। আরও দুজন রাস্তায় ভূমিধসে প্রাণ হারান।
ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে গভর্নর জানান, দুর্যোগ কবলিত ১ লাখেরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে দেশটির নারিতা বিমানবন্দরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কমপক্ষে ৭,০০০ যাত্রী আটকা পড়লেও শুক্রবার (১৪ আগস্ট) থেকে স্বাভাবিক ফ্লাইট চলাচলের কথা জানানো হয়েছে। জাপান এয়ারলাইন্স জানিয়েছে, কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে তবে বাতিলের সম্ভাবনা নেই।
তবে শুক্রবার সকাল পর্যন্ত একাধিক ট্রেন সার্ভিস বন্ধ রয়েছে এবং বেশ কয়েকটি প্রধান হাইওয়ে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। জানা যায়, বৃষ্টির কারণে যাত্রীরা বিভিন্ন মেট্রো স্টেশনে আটকা পড়েন। এ ছাড়া প্রায় ১ হাজার ৮০০ মানুষ চিবা প্রিফেকচারাল সরকারের ভবনে রাত কাটিয়েছেন।-সূত্র: বিবিসি।



