রাণীশংকৈলে নারী ফুটবলারদের স্থায়ী সুবিধার আশ্বাস


সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের মাঝে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন।
এ সময় তিনি রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে গড়ে ওঠা নারী খেলোয়াড়দের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, একটি দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে, অন্যদিকে আরেক দলের প্রধান মাঠে গিয়ে খেলা দেখে নারী খেলোয়াড়দের উৎসাহিত করছেন এবং খেলাধুলার উন্নয়নে কাজ করছেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা আরও বলেন, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নেবে। পাশাপাশি স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ অনেকে।



