জাতীয়

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে শক্তিশালী হতে পারে। এ কারণে পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ