আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সরকার জানিয়েছে, নিহতদের সম্মানে সরকারি ভবন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত কলম্বিয়ার দূতাবাসগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি ছিল এক শতাব্দীর মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে পশ্চিম কলম্বিয়াজুড়ে বহু ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার বিকাল নাগাদ ১০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আহতের সংখ্যা দুই হাজার ৫৯৫। তবে বেসামরিকভাবে পরিচালিত একটি ডেটাবেসে এ সংখ্যা প্রায় চার হাজার বলে উল্লেখ করা হয়েছে।

দুর্যোগটি তৃতীয় দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিতদের সন্ধান আরও জরুরি হয়ে উঠেছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া মানুষদের জীবিত খুঁজে বের করার ক্ষেত্রে সাধারণত প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে পানি ও খাবারের জোগান থাকলে মানুষ আরও বেশিদিন বেঁচে থাকতে পারে।

ভূমিকম্পে কালি, পেরেইরা, মানিজালেস এবং কুইবদোসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু শহরে উদ্ধারকারী দলগুলো রাতভর কাজ করেছে। পেরেইরা ও কালিতে উদ্ধারকারীরা ক্রেন, অনুসন্ধানী কুকুর এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করেছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা হাতে করে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন।

সূত্র : আল জাজিরা

এই বিভাগের আরও সংবাদ