কুষ্টিয়া সরকারি কলেজে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সরকারি কলেজে গানে গানে শেষ হলো নজরুল বর্ষ ২০২৬-২৭ অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, রবিবার (০৯ আগস্ট) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে কলেজের অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহা: আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম সাজাদ।
আলোচক ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক নাজমুল হুসাইন। স্বাগত বক্তা ছিলেন, নজরুল বর্ষ পালন কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার দর্শন এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছে। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও কর্মের মাধ্যমে সমাজে সমতা প্রতিষ্ঠার জন্য আজীবন চেষ্টা করেছেন। তিনি শোষণ, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর কবিতা ও গানে মানুষের অধিকার, সাম্য, স্বাধীনতা ও মানবতার কথা উঠে এসেছে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা আজও আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি আরো বলেন, নজরুল কোনো নির্দিষ্ট শ্রেণি বা সম্প্রদায়ের কবি ছিলেন না; তিনি ছিলেন নিপীড়িত ও বঞ্চিত মানুষের কবি। সমাজে ধনী-গরিবের বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই ছিল তাঁর অন্যতম আকাঙ্ক্ষা। তাই নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানাতে হবে এবং তাঁর সাম্য ও মানবতার দর্শনকে বাস্তব জীবনে ধারণ করতে হবে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শিল্পীরা। এতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. মোহা: আব্দুল লতিফ বলেন, ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলচর্চা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের চেতনা সমাজে ছড়িয়ে দিতে হবে।



