কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নবীন আইনজীবীদের আইন পেশার বিভিন্ন দিক, আদালতের কার্যক্রম, মামলা পরিচালনার কৌশল এবং পেশাগত দায়িত্ব ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

রবিবার (০৯ আগস্ট) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আয়োজনে পদ্মা ভবন হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ও নবীন সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটি ও সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দেওয়ানী প্রশিক্ষক ছিলেন, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মীর সানোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শেখ আবু সাঈদ। এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. আব্দুল মান্নাফ, এ্যাড. শেখ আজিজুর রহমান, এ্যাড. হারুন অর রশিদ, এ্যাড. মাহাতাব উদ্দিন (জিপি), এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম (পিপি), এ্যাড. শামীম উল হাসান অপু (স্পেশাল পিপি), এ্যাড. আব্দুল মজিদ (নারী শিশু পিপি), আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মাহমুদুল হক চঞ্চল প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এস এম শাতিল মাহমুদ।

এছাড়া উপস্থাপনা করেন, আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক এ্যাড. এনামুল হক। এদিকে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২০ জন মৃত আইনজীবী পরিবারকে ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

এসময় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, একজন আইনজীবীকে তার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে তাকে ভালো আইনজীবী হিসেবে গড়ে উঠতে হয়। আইন পেশা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। একজন আইনজীবীকে আইন সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, ধৈর্য ও পেশাগত শিষ্টাচার বজায় রাখতে হবে।

তিনি বলেন, আইনজীবীদের সাথে সংশ্লিষ্ট যে সব প্রতিষ্ঠান আছে তার মধ্যে জেলা আইনজীবী সমিতি অন্যতম। আমরা ইদানীং আইনজীবীদের ব্যাপারে এক ধরনের অভিযোগের মতোই থাকে যে, আমাদের এই পরিবেশে আইন অঙ্গনে চর্চা কমে যাচ্ছে। সে কারনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছে এটা নিতান্তই প্রশংসনীয়।

তিনি আরো বলেন, আইনজীবীরা যদি আইন পেশায় দক্ষ হয় তাহলে বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়। বিচার প্রার্থী যাতে ন্যায় বিচার পায় এবং অল্প সময়ে মামলা শেষ করার প্রক্রিয়ায় আইনজীবীরা যাতে ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে তা চলমান রাখার আহবান জানান তিনি। এতে করে কুষ্টিয়া জেলার প্রতিটি আইনজীবী উপকৃত হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবীন আইনজীবীদের নিয়মিত আইন ও আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে পড়াশোনা করতে হবে। মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নবীনরা নিজেদের পেশাগত দক্ষতা আরও বাড়াতে পারবেন।

প্রশিক্ষণ কর্মশালায় মামলা প্রস্তুত ও পরিচালনা, আইনি নথিপত্র তৈরি, আদালতে শুনানি উপস্থাপনের কৌশল, মক্কেলের সঙ্গে পেশাগত আচরণ এবং আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, নবীন আইনজীবীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এর মাধ্যমে আইন পেশায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিচারপ্রার্থীদের আরও কার্যকর আইনি সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এই বিভাগের আরও সংবাদ