সিলেট

সিলেট মহানগর এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে রবিবার ০৯/০৮/২০২৬ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ মার্কেট ও শপিংমলের নিরাপত্তা জোরদার, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, অবৈধ সিএনজি, লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাতের টহল জোরদার, ব্যবসায়ী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অনুমতিবিহীন মেলা বন্ধ এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ কমিশনার ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য ও মতামত মনোযোগসহকারে শোনেন এবং মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সকল ধরনের অপরাধ দমনে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বিভিন্ন মার্কেট ও বাজার কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ