ভোলা

মনপুরাবাসীর ভালোবাসা চেয়ে কৃষক পরিবারের সন্তান যুবনেতার বার্তা: ‘নেতা নয়, সেবক হতে চাই’

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলা জেলার মনপুরা উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে এবং গণমানুষের সেবায় আজীবন নিয়োজিত থাকার অঙ্গীকার প্রকাশ করেছেন সাধারণ কৃষক পরিবারের সন্তান ও দীর্ঘদিনের রাজপথের রাজনৈতিক কর্মী ভোলা বারের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন পিন্স।

মনপুরা উপজেলাবাসীর উদ্দেশ্যে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

​তিনি বলেন, “আমার মরহুম পিতা জহুর আহমেদ পাটওয়ারী ছিলেন একজন সাধারণ কৃষক এবং মাতা মরহুমা খতেজা আহমেদ ছিলেন গৃহিণী। আমি তাঁদের সর্বকনিষ্ঠ পুত্র। কুঁড়েঘর থেকে জীবনসংগ্রাম শুরু করে আজ এ পর্যন্ত এসেছি। কোনো অট্টালিকা বা সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম হয়নি। আমার ভাই, বন্ধু ও আত্মীয়-স্বজনদের অনেকেই কৃষক, শ্রমিক, জেলে ও দিনমজুর। তাই খেটে খাওয়া সাধারণ মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে বোঝার ক্ষমতা আমার রয়েছে।”

​নিজের রাজনৈতিক জীবন ও মূলবোধ তুলে ধরে তিনি জানান, রাজনীতি তাঁর কাছে কোনো পেশা নয়, বরং জনসেবার এক মহান নেশা।

১৯৯২ সালে ফৈজদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর সক্রিয় রাজনীতির পথচলা শুরু হয়। শৈশব থেকেই মুরুব্বিদের সম্মান করা, আলেম ও শিক্ষিত সমাজকে মূল্যায়ন করা, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা এবং ছোটদের স্নেহ করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।

​আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক পথচলায় মনপুরাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে তিনি বলেন, “আপনাদের নিকট আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে আজীবন সৎ ও নিষ্ঠার সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব। আমি নেতা হয়ে নয়, মনপুরাবাসীর একজন প্রকৃত সেবক হিসেবে পাশে থাকতে চাই।”

এই বিভাগের আরও সংবাদ