জামালপুর

মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোলায়মান ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে সোলায়মান ইসলাম ও তার এক সহযোগীকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলাবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ