জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাতের মামলায় সমিতির পরিচালক ও জামায়াত নেতা আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
প্রায় ১২ হাজার ৬৬১ গ্রাহকের ৩৯১ কোটি ৫৭ লাখ টাকার বেশি আমানত আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ও আদালতে হাজির করার পর জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির। অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
র্যাব-১৪ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা আব্দুল ওয়াহেদের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি সমবায় প্রতিষ্ঠানের আড়ালে ব্যাংকিং-সদৃশ কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। পরবর্তীতে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে। ২০২৫ সালে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা এ ঘটনায় মামলা করেন।
পুলিশ জানায়, আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে এই মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
র্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, “গোপন সংবাদের
ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, “র্যাবের হস্তান্তরের পর আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
এদিকে, দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা আত্মসাত হওয়া অর্থ উদ্ধার এবং মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।



