দুবাইতে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দক্ষিণাঞ্চলে জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দরে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে লাগাতার বিস্ফোরণের পর ওই এলাকায় ঘন কালো ধোঁয়া দেখা যায়। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি আমিরাত কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। এ ঘটনায় আগুনের ভিডিও ধারণ করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে আরব গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।
এদিকে ঘটনার প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। ইরাকি কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় এ বিস্ফোরণ ঘটেছে। তবে আমিরাতের গণমাধ্যমগুলো কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ না করলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেছে।
নাসার প্রকাশিত তাপীয় চিত্রেও জেবেল আলি বন্দরের পাশের একটি গুদামে আগুনের উপস্থিতি দেখা গেছে। ওই গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হয় বলে জানা গেছে।
একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। কিছু সূত্র এসব শব্দকে বিমান হামলা বলে উল্লেখ করেছে। আবার অন্য কিছু সূত্র দাবি করেছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শব্দ হতে পারে এগুলো। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।



