ভূমিদস্যু ও মাদক কারবারিদের বিরুদ্ধে ভোলায় মানববন্ধন


ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা এলাকায় ভূমিদস্যুতা, মাদক ব্যবসা ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ সকাল ১০টায় কাঠির মাথা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বৈরাগী চরের ভুক্তভোগী সাধারণ কৃষক, জমির মালিক এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, একটি চিহ্নিত মহল দীর্ঘদিন ধরে বৈরাগী চর ও সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এতে এলাকার সাধারণ কৃষক ও বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে আনোয়ার ও সাইফুলের নাম উল্লেখ করে বক্তারা বলেন, তাদের ছত্রছায়ায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, “আমাদের যুবসমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই অনিয়ন্ত্রিত মাদক। মাদকের কড়াল গ্রাস থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হলে এর সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভূমিদস্যুতা ও মাদকের হাত থেকে আমাদের কৃষকের জমি ও এলাকা রক্ষা করা এখন সময়ের দাবি।”
মানববন্ধন থেকে স্থানীয় ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যেন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হয় এবং অভিযুক্ত আনোয়ার ও সাইফুলসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।



