কালিহাতীতে ‘খাদ্য বান্ধব কর্মসূচির’ চাল বিতরণ


জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার সকল ডিলারদের উপস্থিততে বাংড়া ইউনিয়নের বিলবর্ণী বাজারে এ চাল বিতরণ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লীনা আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, ডিলার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলো নির্ধারিত মূল্যে চাল পেয়ে তাদের খাদ্য চাহিদা পূরণে সহায়তা পাবে। সরকার অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে, যার মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি অন্যতম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় তালিকাভুক্ত উপকারভোগীরা সরকারি নির্ধারিত মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন। সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকির ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উপস্থিত উপকারভোগীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।কালিহাতীতে ‘খাদ্য বান্ধব কর্মসূচির’ চাল বিতরণ উদ্বোধন



